সাবেক যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কেনা ফ্ল্যাট ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার উপ-পরিচালক কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে একজন সহকারী পরিচালককে এবং অনুসন্ধান তদারককারী কর্মকর্তা হিসেবে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার পরিচালককে নিয়োগ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিধি অনুযায়ী অভিযোগটির অনুসন্ধান কাজ শেষ করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়। একইসঙ্গে অনুসন্ধানের সময় কোনও ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ বা কোনও সম্পদ ক্রোক করা হলে সেটি সঙ্গে সঙ্গে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করতে বলা হয়।
রাজধানীতে আলোচিত ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৬ অক্টোবর সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করে র্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এসব মামলায় তিনি আড়াই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২২ সালের মে মাসে তিনি এসব মামলায় জামিনে মুক্তি পান। দুদকের দায়ের করা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।