অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সোয়েব আল হাসানের কাব্যগ্রন্থ ‘পোড়াচ্ছে খুব পোড়ামাটির চোখ’। মানুষের কাছ থেকে পাওয়া দুঃখবোধ, প্রেম, দ্রোহ, দহন, প্রতিবাদ ও আশাবাদ ফুটে উঠেছে বইটিতে। আজব প্রকাশের ব্যানারে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন এইম এম খালিদ।
বইটি নিয়ে লেখকের বক্তব্য হলো, ‘জীবন ও জগতের মাঝে অনিচ্ছা সত্ত্বেও দুঃখকে আমাদের যাপন করতে হয়। আমাদের এই মাটির শরীর, কাদামাটির মন, ফাঁপামাটির অস্থি, মজ্জা, ঘিলু, মাটির চোখের বিশ্লেষিত ভরাট দৃষ্টি এসব অবয়ব একসময় পুড়ে যায়। মন পোড়ে, চোখ পোড়ে, পুড়ে যায় শরীরের সকল চামড়া, করোটি, উরশ্চক্র, পিঞ্জরাস্থি, কশেরুকাসহ সব অঙ্গ। আমরা তখন শূন্য দৃষ্টিতে চেয়ে থাকি। আমাদের পুরো শরীর রপান্তরিত হয় পোড়ামাটির ফ্রেমে।’
লেখক আরও বলেন, ‘আমাদের পুড়িয়ে যায় সবচেয়ে কাছের মানুষজন, যাদের আমরা নিশ্বাসের মতো চিনতাম। সেই প্রিয়জন, সেই পথিক, সেই বন্ধু, এক অচেনা আগন্তুক, এরকম অজস্র, অসংখ্য মানুষ, পোড়ামাটির শরীর নিয়ে আমরা আবারও ঘুরে দাঁড়াই। পোড়া দৃষ্টিতে পুড়ে ছারখার হয় পোড়ামাটির চোখ। তবু সেই চোখে মানুষ আর মানবিকতা খুঁজি, বিশ্বাসযোগ্য কোনও হাত খুঁজি, ভালোবাসা খুঁজি। মাঝে মাঝে মনে হয় সেই মানুষগুলোর সঙ্গে আবার দেখা হোক, আলাপ হোক সব অপলাপ নিয়ে। কিন্তু পরক্ষণেই মনে হয় কিচ্ছু আর চাওয়ার নেই। মাঝে মাঝে গভীর রাতে শুধু একটা রাতচরা পাখি গেয়ে ওঠে, ‘চাই না―আবার চাইও দেখা হোক, পোড়াচ্ছে খুব পোড়া মাটির চোখ!’