মাহে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে নগরের ভবনের সামনে এই আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রমজানের তৃতীয় দিনে ইফতার বিতরণ পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম ইফতারের আগে উপস্থিত সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে ইফতার বিতরণ করেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। যদিও এটি কোনও ইফতার পার্টি নয়, কেবল নিম্নআয়ের মানুষের জন্যই এই আয়োজন।’
তিনি বলেন, ‘নিম্নআয়ের মানুষের পাশাপাশি যারা যানজটের কারণে বাসায় পৌঁছাতে পারবেন না, অথবা কাজের কারণে দেরি হয়ে যায়, তারাও এখানে এসে ইফতার করতে পারবেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করছেন।’
এছাড়া ডিএনসিসির ৬টি মার্কেটে পণ্যের নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। ক্রেতারা সরকারের নির্ধারিত মূল্য তালিকা দেখতে পাবেন বলে জানান তিনি