রাজধানী কদমতলীর জুরাইনে রাস্তার পাশে খালের পানিতে ডুবে মো. কামাল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃতের ছোট ভাই জামাল হোসেন বলেন, তার ভাই কামালের মৃগি রোগ ছিলেন। সন্ধ্যার দিকে বাসার অদূরেই হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া ৭টার দিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
মৃত কামাল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার হলুদিয়া গ্রামের স্যানেটারি মিস্ত্রির মো. আসলামের ছেলে। বতর্মান জুরাইন কুসুমবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।