৫০০ সুবিধাবঞ্চিত মানুষের মাংস-পোলাও-সেমাইয়ের ঈদ

ঈদের দিন অনেকে যখন পরিবার-পরিজন নিয়ে নিজেদের মতো সময় কাটাচ্ছেন, তখন কিছু খ্যাপাটে তরুণ মাঠে ডেকচিতে রান্না করতে ব্যস্ত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) তাদের আয়োজনে ঈদ করেন ৫শ’ সুবিধাবঞ্চিত মানুষ।

আয়োজনের বিস্তারিত জানাতে মজার ইশকুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে একটি গরু কেনার ব্যবস্থা করেছি। ইচ্ছেমতো মাংস খাওয়া তাদের দাবি ছিল। ঈদের দিনকে সামনে রেখে আমরা সেই আয়োজন করতে পেরেছি।’

মজার ইশকুলের আয়োজনে ঈদ করেন ৫শ’ সুবিধাবঞ্চিত মানুষ

মজার ইশকুল রোজায় সারা মাসজুড়ে ইফতারির আয়োজন করেছে। সবসময় এসব আয়োজনের সঙ্গে থাকেন এমন একজন শুভাকাঙ্ক্ষী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি শুরু থেকেই পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের বিশেষত্ব হলো, অনেক প্রচার না করা এবং খাওয়াটা যেন মানুষগুলো সম্মানের সঙ্গে খেতে পারেন। তাদের দান করা হচ্ছে এমন অনুভূতি যেন না হয়, আমরা সে দিকে সতর্ক থাকি।

মজার ইশকুলের শিশু ও তাদের মায়েরা

তিনি বলেন, ঈদের আয়োজনের মধ্যে গতকাল নতুন জামায় শত শত শিশুর মুখে হাসি ফুটিয়ে তোলার কাজটিও করা হয়। রাজধানীর উত্তরায় পাসপোর্ট অফিসের লাগোয়া মাঠে মাসব্যাপী উৎসব আয়োজনে অংশ নেওয়া শিশু ও তাদের মায়েদের জীবন আরেকটু সহজ করে তোলাই আয়োজকদের উদ্দেশ্য।