‘বান্ধবীকে’ নিয়ে ভাড়া বাসায় থাকতেন তরুণ, মিললো ঝুলন্ত লাশ

রাজধানীর বাড্ডায় মো. আকাশ (২১) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা বলছেন, সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাকে।

শনিবার (২৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। 

উত্তর বাড্ডা পানির পাম্প জামতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন আকাশ। মৃতের ফুফু পায়েল জানান, সকালে তাকে সিলিং ফ্যানের সাথে গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আকাশ ওই বাসায় মাহি নামে এক বান্ধবীসহ থাকতো। তারা দুজনেই পার্লারে কাজ করতো। তবে তারা বিয়ে করেছে কিনা, সে বিষয়ে তিনি কিছুই জানতে পারেন নি। 

‘আকাশের মৃত্যুর ব্যাপারে ওই মেয়েই ভালো জানেন’, বলেও উল্লেখ করেন পায়েল। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

মৃত আকাশ মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া গ্রামের বাদল খানের ছেলে।