জলাবদ্ধতার জন্য জরুরি সেবা লাইনে ফোন দেওয়ার অনুরোধ দুই সিটির

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীর কোথাও জলাবদ্ধতা তৈরি হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি সেবার হটলাইনে ফোন দিয়ে জানাতে পারবেন রাজধানীরবাসী। সোমবার (২৭ মে) সংস্থা দুটি থেকে একথা জানানো হয়।

জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জরুরি সেবা নম্বরটি হলো ১৬১০৬। আর দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি সেবা নম্বর ০১৭০৯৯০০৮৮৮।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীতে (ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকার দুই সিটি করপোরেশন থেকে বলা হয়, কোথাও জলাবদ্ধতা তৈরি হলে জরুরি নম্বরে সে তথ্য জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের উপকূলীয় এলাকায় হানা দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। রবিবার (২৬ মে) দিবাগত রাত থেকেই ঢাকায় ভারী ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা (ছবি: নাসিরুল ইসলাম)

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। বৃষ্টিতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানিতে ডুবেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।