তৃতীয় দিনে আধা ঘণ্টায় পূর্বাঞ্চলের বেশিরভাগ টিকিট বিক্রি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন ছিল মঙ্গলবার (৪ জুন)। এদিন ১৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হয়েছিল পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছিল দুপুর ২টা থেকে। অনলাইনে চাপ এড়াতেই টিকিট বিক্রির সময় আলাদা করা হয়েছিল।

দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের তৃতীয় দিনের টিকিট বিক্রি শুরু হওয়ার আধা ঘণ্টায় এই অঞ্চলের ১৫ হাজার ৮১১টি টিকিটের মধ্যে ১২ হাজার ৩৬২টি টিকিট বিক্রি হয়ে যায়। এখনও অবিক্রীত রয়ে গিয়েছে ৩ হাজারের বেশি টিকিট। আর প্রথম আধা ঘণ্টায় এই অঞ্চলের টিকিট পেতে হিট পড়ে ১ কোটি ৫০ লাখ।

এদিকে সকাল ৮টা থেকে শুরু হয়েছিল পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। তৃতীয় দিনের এই টিকিট বিক্রির প্রথম ভাগে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো দুই ঘণ্টাতেই সিংহভাগ শেষ হয়ে গিয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল রংপুর বিভাগের। এ বিভাগের সব আন্তনগর ট্রেনের টিকিট আধা ঘণ্টাতেই বিক্রি শেষ হয়ে যায়। আর টিকিট বিক্রির প্রথম আড়াই ঘণ্টাতেই পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ২৬৯টি টিকিটের মধ্যে ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। এসময় যাত্রীদের টিকিট কাটতে প্রায় ১ কোটি ৮০ লাখ হিট পড়েছে।

রেলওয়ের টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সন্দীপ দেবনাথ জানান, সবকিছু মিলিয়ে প্রতিদিন ঢাকা থেকে সাড়ে ২৯ হাজারের মতো টিকিট রয়েছে। কিন্তু প্রতিদিন প্রথম আধা ঘণ্টাতেই হিট পড়ছে ৩ কোটির বেশি। চাহিদার চেয়ে টিকিট অনেক কম। যে পরিমাণ হিট পড়ছে তাতে মুহূর্তেই টিকিট শেষ হয়ে যাচ্ছে।

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হয়েছে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হয়েছে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হয়েছে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।