তানিয়া হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল কুদ্দুস কারাগারে

রাজধানীর হাজারীবাগে তানিয়া আক্তার (৩৫) খুনের ঘটনায় দায়ের মামলায় লেফটেন্যান্ট (লে.) কর্নেল কুদ্দুসুর রহমানের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মে) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মতিউর রহমান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আসামির পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাজারীবাগ থানা পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে গত ৩১ মে কুদ্দুসুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার এক আদালত।

জানা যায়, তানিয়া ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। ২০১৭ সালে আজিজুর রহিমকে বিয়ে করেন। তাদের কোনও সন্তান নেই। হাজারীবাগ থানাধীন মিতালী রোডে শাহিনের বাসায় গত ৫ জানুয়ারি থেকে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেন। গত ১৯ জানুয়ারি তানিয়া ভাইয়ের বাসায় আসেন। আবার রাতে ফিরে যান। পরদিন তানিয়াকে তার মা ও ভাই ফোন দেয়। কিন্তু ফোন বন্ধ পায়। তানিয়ার মা বাড়িওয়ালা শাহিনকে ফোন দেন। বাড়িওয়ালা তার রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। বিষয়টি বাড়িওয়ালা তানিয়ার মাকে জানান। সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে বাথরুম থেকে তানিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তানিয়ার ভাই তন্ময় হাসান গত ২২ জানুয়ারি হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় ফ্ল্যাটের মালিক। পরে তদন্তে উঠে আসে, এ ঘটনায় লে. কর্নেল কুদ্দুসুর রহমান জড়িত থাকার বিষয়ে। পরে তাকে গ্রেফতার করা হয়।