রাজধানীর মিরপুর কালশি সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন— মো. রাহুল (২৬) ও ছোট ভাই মো. রাফি (১৬)। বৃহস্পতিবার (২৮ জুন) দিনগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের চাচা বিল্লাল হোসেন জানান, রাতে রাহুল ও তার ছোট ভাই রাফিকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কালশি ব্রিজ দিয়ে মিরপুর বাউনিয়াবাঁধ এলাকার সি-ব্লকের নিজ বাসায় ফিরছিলেন। কালশি রোডে সান্তা সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে প্রথমে তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দুজনকে রাত একটার দিকে ঢাকা মেডিক্যালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেন জানান, গুরুতর আহত রাফিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাফিও মারা যান। নিহতরা মিরপুর বাউনিয়াবাঁধ সি-ব্লকে ঢাকার বাসিন্দা জহরুল ইসলামের ছেলে।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীমুল ইসলাম জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।