খিলগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও সি-ব্লকের একটি বাসা থেকে মাকসুদা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) দুপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থা তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে গৃহবধূ মাকসুদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, পাঁচ তলায় নিজ ফ্লাটে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মাকসুদা। পরে সংবাদ পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, শুনেছি পারিবারিক কলহ থেকে গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহত মাকসুদা মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজা গ্রামের হারুন ব্যাপারীর মেয়ে। তার স্বামীর নাম কাজী এবাদুজ্জামান। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন মাকসুদা।