রাজধানীর কদমতলীতে কুলসুম স্বর্ণালী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে কদমতলীর জাপানি বাজারের নম্বর রোডের ফ্রেন্ডশিপ টাওয়ারের একটি বাসার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাসার গেস্ট রুম থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, কুলসুমের সদ্য বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকতো। এসবের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
নিহত কুলসুমের বাবা নাসির বলেন, তিন বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। ওই সংসারে থাকা অবস্থায় আট মাস আগে মোজাহিদ নামে এক লোক আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা কোথায় থাকতো জানতাম না। মাঝেমধ্যে ফোনে কথা হতো তার মায়ের সঙ্গে। গত বৃহস্পতিবার মেয়ে আমার বাসায় আসে আবার শুক্রবার চলে যায়। এ নিয়ে তার স্বামী তাকে মারধর করে। গতকাল রাতে তার মাকে ফোন করে হুমকি-ধমকি দেয়। আজ সকালে শুনি মেয়ে ফাঁস দিয়েছে। আমার মেয়ের মৃত্যুর জন্য মোজাহিদ দায়ী। আমরা তার বিচার চাই।
নিহত কুলসুম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি দক্ষিণপাড়া সিএনজি অটোরিকশা চালক নাসিরের মেয়ে। বর্তমানে মোজাহিদের সঙ্গে কদমতলী এলাকায় থাকতেন।