হরিজন কলোনিতে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনির বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে আগামী ১৩ জুলাই সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত। 

তিনি বলেন, ‘দেশের সব নাগরিকের অধিকার সমান। সংবিধানের ১৯ অনুচ্ছেদে সব নাগরিককে সম-অধিকার দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে, যেখানে বলা হয়েছে, পূর্ণবাসন না করে কাউকে জোর করে উচ্ছেদ করা যাবে না। অথচ একটি গোষ্ঠীর মদদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জোর করে, হামলা চালিয়ে মিরনজিল্লার অধিবাসীদের উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাইকোর্টে রিট দায়ের থাকার পরও বুধবার (১০ জুলাই) ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর আউয়াল হোসেনের নেতৃত্বে দুষ্কৃতকারীরা মিরনজিল্লাতে হামলা চালিয়েছে। কাউন্সিলরের লোকেরা মন্দির ভাঙচুর করেছে। এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই।’

১৩ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘দেশে পুলিশ আছে, আইন-আদালত আছে, আশা করি সবাই কলোনিতে বসবাসরত হরিজনদের অধিকার রক্ষায় সংবিধানের আলোকে কাজ করবনে। আমরা মিরনজিল্লার অধিবাসীদের বসবাসের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবো।’

মানবাধিকারকর্মী সীমা দত্ত বলেন, ‘৪০০ বছর আগে হরিজনদের পূর্বপুরুষদের ভারত থেকে এই অঞ্চলে পরিচ্ছন্নতা কাজের জন্য আনা হয়। বর্তমানে সাত শতাধিক পরিবার এই মিরনজিল্লা হরিজন কলোনিতে গাদাগাদি করে বসবাস করছে। তাদের মধ্যে পাঁচ শতাধিক পরিবারের সদস্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকাজে নিয়োজিত। বাদবাকি দুই শতাধিক পরিবারের সদস্যের সবাই কোনও না কোনও সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকাজে নিয়োজিত ছিলেন। তাদের অনেকেই মারা গেছেন। কেউ বা চাকরিচ্যুত হয়েছেন। এমন বাস্তবতায় অবৈধ বলে সিটি করপোরেশনে কর্মরতদের বাইরে অন্যদের উচ্ছেদ করলে পথে নামতে হবে। তাছাড়া হরিজন সম্প্রদায়ের সবার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী-অস্থায়ী ঠিকানা এই কলোনি।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ ও মিলন কুমার দত্ত, অ্যাডভোকেট তাপস পাল, নির্মল চ্যাটার্জি, অ্যাডভোকেট শ্যামল রায়, অ্যাডভোকেট কিশোর কুমার মন্ডল প্রমুখ।

বুধবার বেলা ১২টার দিকে পুরান ঢাকার আগা সাদেক রোডের পাশে মিরনজিল্লা সুইপার কলোনিতে এ হামলার ঘটনা ঘটে। এতে হরিজন সম্প্রদায়ের শিশুসহ অন্তত ১৬ জন আহত হন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন...

হরিজন কলোনিতে কাউন্সিলর সমর্থকদের হামলা, আহত ১৬