আন্দালিভ রহমান পার্থ গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, কোটা আন্দোলনে উসকানির অভিযোগে পার্থকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গতকাল বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিভ রহমান পার্থকে আটক করা হয়। পার্থকে আটকের প্রতিবাদ ও নিন্দাও জানিয়েছেন বিএনপির এই নেতা।

ডিবি সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। এরইমধ্যে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।