বৃষ্টির মধ্যেই ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ‘গণমিছিল’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টির মধ্যেই ‘গণমিছিল’ কর্মসূচি পালন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর আফতাবনগরে শিক্ষার্থীদের এই গণমিছিল শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ ঘুরে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যায়। পরে গণমিছিলটি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আবারও রামপুরা ব্রিজ হয়ে দুপুর ১২টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল ঘিরে পুলিশের দুটি দলকে নিরাপত্তা দিতে দেখা যায়। পুলিশ সদস্যরা গণমিছিলের সামনে ও পেছনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে চলতে থাকে। পুলিশ জানায়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য তারা এসেছেন। কোনও দুষ্কৃতিকারীরা যেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য তারা এসেছেন।

এর আগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ সকাল ১১টার আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে তারাও বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। পরে ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।