উত্তরায় আন্দোলনে নিহত রিকশাচালকের পরিচয় মিলেছে

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম জসিম উদ্দিন সরকার (২৫)। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। শুক্রবার (১৬ আগস্ট) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এরআগে, গত ৫ আগস্ট বিকালে উত্তরা পূর্ব থানা এলাকায় সহিংসতার সময়ে গুলিতে আহত হয় অটোরিকশাচালক জসিম উদ্দিন। আশপাশের লোকজন তাকে অজ্ঞাত হিসাবে উদ্ধার করে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। পরে তার পরিচয় পাওয়া যায়। তার স্ত্রী বানেছা আক্তার তাকে শনাক্ত করেন।

শুক্রবার শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম শাহরিয়ার জীবন স্টালিন তার সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যায়।

জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জসিম।