দীপু মনি ও আরিফ খান জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতার দুজনকেই আজ মঙ্গলবার (২০ আগস্ট) আদালতে পাঠানো হবে। ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে। 

এর আগে গতকাল সোমবার (১৯ আগস্ট) রাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে। রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এছাড়া সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ওইদিন রাতেই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকেও মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পরে রাতেই তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। আজ মঙ্গলবার তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ।

এ প্রসঙ্গে ডিএমপির মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকা মহানগর আদালতে সোপর্দ করা হবে। দুজনেরই ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।