যাত্রাবাড়ীতে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর পাবলিক শৌচাগারের সামনে মোবাইল চুরির অভিযোগে হাত বেঁধে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সেখান থেকে তাকে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪৫) বছর।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার জুরাইন এলাকায় ট্রাফিক ডিউটি করাকালে তিন শিক্ষার্থী লোকটিকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে রাস্তার জ্যামে পড়েন তারা। এতে পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা।

উদ্ধারকারী শিক্ষার্থী জিহাদ বলেন, সেখান থেকে লাশ নিয়ে স্থানীয় একটি মসজিদে নিয়ে যান তারা। সেখানেও থেকে ভোগান্তির শিকার হন, কারও সহযোগিতা না পেয়ে সন্ধ্যায় লাশটি ঢামেকের সামনে আনা হয়। পরে বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়।