সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী প্রসিকিউটর (সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত বুধবার দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এই আবেদন করেন। আবেদনে বলা হয়, জান্নাত আরা হেনরী তার পোষ্যরা জ্ঞাত আয়বর্হিভূত টাকা বা অন্য স্থাবর, অস্থাবর সম্পদসহ আত্মগোপন করেছেন। অনুসন্ধানকালে পাওয়া তথ্যাদি এবং সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনও মুহূর্তে দেশত্যাগ করতে পারে। এজন্য তাদের বিদেশ যাওয়া থামানো আবশ্যক।
এদিকে গত বুধবার সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীও দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক শাহআলম শেখ। একই আদালত শুনানি শেষে তারও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।