ফেসবুকে সহকর্মীদের উসকানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় পুলিশের দুই সদস্যকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পরিদর্শক আব্দুল্লাহেল বাকী। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত আবারও প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন– যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ কন্সটেবল শোয়াইবুর রহমান (৩২) এবং রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কন্সটেবল সজিব সরকার (২৭)।
আসামিদের পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন এ তথ্য জানান।
গত ১৬ সেপ্টেম্বর শাহজাহানপুর থানার ওই মামলায় তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৯ সেপ্টেম্বর একই মামলায় তাদের ফের দুই দিনের রিমান্ড দেওয়া হয়।
আসামিরা গত ৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি থেকে বিভিন্ন উসকানিমূলক বার্তা পোস্ট করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।