বনানীতে খুন: পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর বনানী থানার হত্যা মামলায় অভিযুক্ত পলাতক মো. রুবেলকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাখালী সাততলা আদর্শনগরের বাসিন্দা মধু ভান্ডারীকে গুরুতর আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল। হত্যাকাণ্ডের পর শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় আত্মগোপন করে রুবেল।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই দিনই বনানী থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার সূত্র ধরে  অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে জোর তৎপরতা চালায় বনানী থানা পুলিশ। এরপর গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।