হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে তিন কিলোমিটার ‘নীরব এলাকা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিমানবন্দর এলাকার সফলতা দেখে ঢাকা শহরের অন্যান্য এলাকাকেও নীরব এলাকা ঘোষণা করা হবে। বিশেষ করে স্কুল, কলেজ ও হাসপাতাল এলাকাকে গুরুত্ব দেবো আমরা। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গাড়ির হর্ন বন্ধ করা একটি যুদ্ধ। চালকদের দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে। তারপরও আমরা এটি করতে চাই।’
তিনি বলেন, ‘এই এলাকাকে বেছে নেওয়ার কারণ হলো, দেশের বাইরের মানুষ বিমানবন্দরে নেমেই হর্নের শব্দ শুনতে পান। এতে আমাদের প্রতি তাদের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। এ কার্যক্রমের মাধ্যমে সেই ধারণা বদলে যাবে।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অনুরোধের পরও এই এলাকায় হর্ন বাজালে প্রাথমিক অবস্থায় ৫০০ টাকা জরিমানার বিধান করা হয়েছে। এ জন্য আমাদের ম্যাজিস্ট্রেট কাজ করছে। আমরা ধীরে ধীরে এ বিষয়ে আরও কঠোর হবো।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদিও এটি কঠিন কাজ তারপরও আমরা এর সফলতাকে ধরে ঢাকা শহরের অন্যান্য এলাকাকেও নীরব এলাকা ঘোষণা করতে চাই। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও এ কার্যক্রম হাতে নেওয়া হবে।’
সভাপতির বক্তব্যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, ‘শাহজালালের মতো দেশের অন্যান্য বিমানবন্দর এলাকাকেও আমরা শব্দ দূষণ রোধে নীরব এলাকা ঘোষণা করবো।’
এ সময় আরও ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ।