বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর নাসিম আদনান জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এদিন তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে আমার ছোট ছেলে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওইদিন আমার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে এবং অপর প্রান্ত থেকে বলে বাহাদুর হোসেন মনির নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় আমার ছেলেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।