রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ আবু হাজী গলিতে মো. জাহাঙ্গীর (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগের মৃত ফজর আলীর ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা মো. রুবেল বলেন, বাসার অদূরে আবু হাজী গলিতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তাদের নিজেদের বাড়ি ভাড়া দিয়ে চলেন। এমনিতে তেমন কিছু করতেন না। নিহত ব্যক্তি আওয়ামী লীগ কর্মী ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তবে তার সঙ্গে আসা আরেকজন বলেছেন, চাঁদাবাজি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে শুনেছেন। আসলে প্রকৃত ঘটনা এলাকায় যাওয়ার পর হয়তো জানা যাবে।