ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বী হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত ১৯ জুলাই ২০২৪ বিকালে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি গুলিতে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাব্বী হত্যায় জড়িত ফুয়াদকে পল্লবীর ৭ নম্বর সেকশন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে ওই মামলায় আদলতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।