ঢাকা শহরে সরকারি-বেসরকারি যত কমিউনিটি সেন্টার, হল, ক্লাবে বাবুর্চিদের সিন্ডিকেট আছে তা ভেঙে দিয়ে সব বাবুর্চিদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ বাবুর্চি ঐক্য পরিষদ। সোমবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বাবুর্চি ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন কমিউনিটি সেন্টার বা হলে নির্দিষ্ট বাবুর্চি দিয়ে কাজ করানো হয়। সেখানে অন্য কেউ কাজ করতে গেলে টাকা দেওয়া লাগে। আমরা এসব মানবো না।
তাদের দাবিগুলো হলো––ঢাকা শহরের সব কমিউনিটি সেন্টার, হল, ক্লাবে বাবুর্চিদের সিন্ডিকেট ভেঙে সব বাবুর্চির জন্য উন্মুক্ত করে দিতে হবে; ভোক্তাদের স্বাধীনতা দিতে হবে যাতে তারা পছন্দ মতো বাবুর্চি নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে; নামে-বেনামে অবৈধ ক্যাটারিং ব্যবসায়ীরা সরকারি কমিউনিটি সেন্টার, হল, ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের যোগসূত্রে কাজ করে প্রকৃত বাবুর্চিদের পেটে লাথি মারছে, তাদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে; সিন্ডিকেট ভেঙে প্রকৃত বাবুর্চিদের সাধারণ জীবন যাপনের সুযোগ করে দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাবুর্চি ঐক্য পরিষদের সভাপতি মোতালেব বাবুর্চি, সাধারণ সম্পাদক মো. সোহরাব বাবুর্চি, ক্যাশিয়ার মো. আলমগীর বাবুর্চি প্রমুখ।