দীপ্ত টিভির সংবাদকর্মী হত্যার ঘটনায় মাদক অধিদফতরের কর্মকর্তা বরখাস্ত

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা (সংবাদকর্মী) তানজিল জাহান তামিম হত্যার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি তামিম হত্যা মামলায় এক নম্বর আসামি। তিনি পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। 

ডিএনসি’র সূত্র জানায়, মামুনকে ক্লোজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

এ পর্যন্ত তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির, বাঁধন ও মো. রাসেল। তারা সবাই চার দিনের রিমান্ডে রয়েছেন।

বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি এ মামলার তিন নম্বর আসামি। তিনিও পলাতক, তাকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সকালে হাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান তামিম। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত তামিমের বাবা।

বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তামিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।