আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

পাঁচ বছর আগে লন্ডনের আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় মানহানির অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দেওয়া হয়েছে।

তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে দীর্ঘদিন এ মামলার কোনও সাক্ষী সাক্ষ্য দিতে আসেনি। এ জন্য আসামিপক্ষ মামলাটি নিষ্পত্তির আবেদন করে। পরে শুনানি শেষে আদালত ২৪৭ ধারায় তাদের মামলা থেকে খালাস দেন।

২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সম্প্রতি নোয়াখালীতে দায়ের হওয়া দুটি রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং হবিগঞ্জে ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান।