ঢাকার কমলাপুর রেলস্টেশনের এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা দেখানোর ঘটনায় দায়িত্বরত ঢাকা বিভাগীয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা পাহারায় থাকা আরও একজনকে বদলি করা হয়েছে।
এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে, যারা দুই দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এ ছাড়া এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলাও করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ।
তিনি বলেন, স্ক্রিন বোর্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা ঢাকা বিভাগীয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলীকে (বিদ্যুৎ) দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি চিহ্নিত করতে না পারায় ওই এলাকায় পাহারায় থাকা নিরাপত্তা বাহিনীর একজনকে বদলি করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে এক অফিস আদেশে ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান প্রদর্শনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।
আদেশে বলা হয়, শনিবার (২৬ অক্টোবর) সকাল প্রায় ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি ভেসে ওঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও বলা হয়েছে, বিষয়টি জানার পর উক্ত ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সময় ওই স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে।
বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ করে দেখা যায়, ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৫৬ থেকে ৫টা ৫৮ মিনিটের মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকার রেলওয়ে পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি অন্তর্ঘাতমূলক কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।