মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাঈম হোসেন (২৪) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রবিবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃতের বড় ভাই মিরাজ হোসেন জানিয়েছেন, নির্মাণাধীন কাজ ভবনে কাজ করার সময়ে সাততলা থেকে অসাবধানতা বসত  পা ফসকে নিচে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামের মোশাররফ হোসেনের ছেলে নাঈম।