মহিষের শিংয়ের গুঁতোয় আহত ৪

ঢাকার হাতিরঝিল থানার মগবাজার-আমবাগান এলাকায় মহিষের শিংয়ের গুঁতোয় দুই নারীসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকার আমবাগান চল্লিশঘর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রনি (৩০) ও তার স্ত্রী নাদিয়া (২৪), শামছু (৪৫) ও সাথী বেগম (৩৫)। 

আহত তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান নাহিদ নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘ওই সময় ঘটনাস্থলে হঠাৎ ছুটে আসা একটি মহিষের শিংয়ের গুতোয় কয়েকজন আহত হয়। ওই সময় সেখানে বিদ্যুৎ ছিল না। আহত তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। অন্যদেরকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘আমরা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনও পুরো ঘটনাটি জানতে পারিনি। কার মহিষ, কোথা থেকে এলো, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।