চট্টগ্রামের সাতকানিয়ায় চার বছর আগে চুরির অপবাদে বাসা থেকে ডেকে নিয়ে হানিফ নামে এক যুবককে হত্যার অভিযোগ ওঠে মো. হোছাইন ওরফে হোসেন (৪১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি হোসেনকে চার বছর গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ফকিরের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক বাবুল আকতার।
তিনি বলেন, ‘২০২০ সালে ২০ মার্চ সন্ধ্যায় ভিকটিম হানিফকে ফোন করে ডেকে নেন হোছাইন। পরে ভিকটিমকে মারধর করেন। এতে ভিকটিমের দুই পায়ের হাঁটুর নিচে ভেঙে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরদিন ২১ মার্চ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হানিফ।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। পরে বাদী নারাজি দিলে আদালত মামলাটি পুনরায় তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, ‘মামলার তদন্ত পাওয়ার পর আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত প্রধান আসামি হোছাইনকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে হোছাইনকে গ্রেফতার করা হয়।
এর আগে এ মামলায় গ্রেফতার দুইজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হোছাইনের জড়িত থাকার প্রমাণ মেলে। মূলত ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে হোছাইন আত্মগোপনে ছিলেন বলে জানান তিনি।