রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের  ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (‌১২ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হোসাইন বলেন, সাব্বির মানিকগঞ্জে একটি প্রাইভেট কোম্পানির অধীনে চাকরি করতেন। সে নতুন একটি চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় এসেছিলেন। রেললাইন পাশ ধরে হাঁটার সময় ট্রেন ধাক্কা দেয়। আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে কুড়িলে যাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহত সাব্বিরের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর দক্ষিণ পাড়ায়। বাবার নাম আবুল হোসেন।