দিয়াবাড়িতে পুনর্বাসন ভিলেজে লটারি করে ফ্ল্যাট বরাদ্দ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়িতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারি মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে প্রথম ধাপের লটারি অনুষ্ঠিত হয়।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা দিয়াবাড়িতে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ভিলেজে ২ ক্যাটাগরির ১০৯০ বর্গফুট ও ১২৯৪ বর্গফুটের দুইটি ব্লকের ১২টি ভবনে মোট ১৩৪৪টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এছাড়াও প্রকল্প এলাকায় একটি মসজিদ, একটি ক্লিনিক, একটি কমিউনিটি সেন্টার, একটি কমিউনিটি মার্কেট, খেলার মাঠ ইত্যাদি সুবিধা রয়েছে।

প্রথমে গুচ্ছভিত্তিক এবং পরে এককভিত্তিক আবেদনকারীদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ব্লক-বি এর রূপসা ভবনের ১০৯০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১০৪ জন আবেদনকারীর মাঝে লটারি অনুষ্ঠিত হয়।

আবেদনকারীদের উপস্থিতিতে তিন স্তরের (গুচ্ছ, ফ্লোর ও ফ্ল্যাট) লটারি অনুষ্ঠানের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে লটারি অনুষ্ঠিত হয় এবং আবেদনকারীদের তাদের নির্বাচিত ফ্ল্যাটের নম্বর জানিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. ফাহিমুল ইসলাম।

দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২৬ নভেম্বর) পুনর্বাসন ভিলেজের ব্লক-এ এর গড়াই এবং ইছামতি ভবনের ১২৯৪ বর্গফুটের ফ্ল্যাটের জন্য মোট ১৯৮ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।