আট দফা দাবি আদায়ে সনাতন ধর্মবলম্বীদের শান্তিপূর্ণ আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জোটের নেতারা।
জোটের পক্ষ থেকে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, আট দফা দাবি আদায়ে আমরা বিভাগীয় সমাবেশ করছি। চট্টগামে সমাবেশ থেকে দুই কিলোমিটার দূরে কে বা কারা কোন পতাকা স্থাপন করেছে তা আমরা জানি না। সেটাকে কেন্দ্র করে আজকের সনাতনী সম্প্রদায়ের কাণ্ডারি চিন্ময় কৃষ্ণ দাসসহ অনেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব থেকে – রাষ্ট্র থেকে অনুমতি নেওয়া লাগে।
চট্টগাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অনুপ্রবেশকারীর ঢোকার অভিযোগ করে তিনি বলেন, জামিন শুনানির পর সেখান যখন আইনজীবীরা বিক্ষোভ করেছিলেন সেখানেও আমরা জানতে পেয়েছি কতিপয় গোষ্ঠী, যারা এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করার তথ্য পেয়েছি ইতোমধ্যে।
তিনি বলেন, শাহাবাগে (চিন্ময়ের মুক্তির দাবিতে বিক্ষোভ শেষে) আমরা যখন সবাইকে নিয়ে চলে আসার চেষ্টা করছি, তখন আমাদের পেছন থেকে পুলিশকে ভুয়া ভুয়া বলতে থাকে, তখন আমরা বুঝেছি এখানে অনুপ্রবেশকারী ঢুকেছে। ঠিক সেই সময় চলে আসার পরে ওই দুস্কৃতকারীরা গাড়ি ভাঙচুর করতে চেয়েছে, এটা যখন পারে নাই তারাই আবার আমাদের ধাওয়া দিয়ে আমাদের ওপর হামলা করেছে। এতে মনে হচ্ছে সারা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার ও হিন্দু মুসলিম সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, আমারা সনাতনী সম্প্রদায় মনে করেছি বাংলাদেশে আমাদের আসলে কোনও বন্ধু নাই। বিভিন্নভাবে আমরা যে বৈষম্যের শিকার সেখান থেকে মুক্তির জন্য আন্দোলনের ও ঐক্যের কোনও বিকল্প নাই।
এসময় তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও হামলাকারীদের গ্রেফতার করার দাবি করেন। দাবি না মানলে সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার (২৫ নভেম্বর) বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কথা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, পুলিশের একটি অনুরোধে তাকে ডিবি গ্রেফতার করেছে।
সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েকদিন আগে এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে।
অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।