চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ 

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রামে আন্দোলন চলাকালে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের মাজারগেট, কদম ফোয়ারা প্রদক্ষিণ করে বার কাউন্সিলের গেট দিয়ে আবার আদালত অঙ্গনে এসে শেষ হয়। 

এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। এর আগে বিকালে চট্টগ্রাম আদালত এলাকায় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। হামলার ঘটনায় আহত আরও ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা গেছে, সাইফুল ইসলাম ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।