রাজধানীর মোহাম্মদপুর থানায় বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জিকাটা গ্রুপের’ সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নিহত বিল্লাল গাজী সাভার থানার একটি হাউজিং কোম্পানির কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী কাজ শেষে তার অফিসের লোকজনের সঙ্গে ফিরছেলেন। মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ সদস্য পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল গাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের গাজীর মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ২২ জন আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।’
গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় র্যাব।