রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজার এরশাদ মার্কেট পকেট গেটের সামনে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আল আমিন (২৭) নামে এক পুরাতন কাপড় বিক্রেতা (হকার) নিহত হয়েছেন।
একই ঘটনায় আহত হয়েছেন তার ছোট দুই ভাই- মো. সুমন আহমেদ (২৫) ও মো. নাহিদ (১৯)। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে বিকাল পৌনে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সুমন ও নাহিদের চিকিৎসা চলছে জরুরি বিভাগে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢামেক হাসপাতালে আহত সুমন বলেন, আমি গুলিস্তান এরশাদ মার্কেট এলাকায় শরবতের ব্যবসা করি। পাশেই বড় ভাই আল আমিন পুরাতন কাপড় বিক্রি করতেন। প্রায় ছয় মাস পূর্বে আমার দোকানে এক ব্যক্তি মোটরসাইকেল রেখেছিল, তা নিয়ে তর্ক-বিতর্ক হয় এবং তারা ওইদিন হুমকি দিয়ে যায় পরে দেখে নেবো।
হঠাৎ আজ বিকালে ওয়ারী এলাকার সোহান (২৮) নামের এক যুবকসহ ১০-১২ জন যুবক এসে অতর্কিতভাবে মারধর করতে থাকে। এ সময় বড় ভাই আল আমিন এগিয়ে এলে তাকে ছুরিকাঘাতে আহত করে ও ছোট ভাই নাহিদকে আহত করে পালিয়ে যায়। তাদের নাম জানি না, তবে দুই--তিন জনকে দেখলে চিনতে পারবো, তারা ওয়ারী এলাকার।
মৃত আল-আমিন নাটোর সদর উপজেলার খোলাবারিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমান নারিন্দা বসু বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে আলামিন বড়। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।