যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগের মানিকগঞ্জের হরিরামপুর থানার সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান চুন্নু ও ফরিদপুর পৌরসভার সাবেক আহ্বায়ক মো. মনিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রোজা এ আদেশ দেন। এর আগে তাদের হেফাজত থেকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেরদৌস আলম। কিন্তু মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি। শুনানির জন্য বিচারক ৯ ডিসেম্বর দিন ধার্য করেন।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে ও বৃহস্পতিবার ভোর ৩টায় ধানমন্ডি এলাকা থেকে মনিরুলকে গ্রেফতার করে পুলিশ।
২০২৩ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে বিএনপি। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।