১৫তম বিজমায়েস্ট্রোজের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ তাদের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা বিজমায়েস্ট্রোজের ১৫তম আসর সম্পন্ন করেছে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মো. তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামীর দল বিজয়ী হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ পাঁচ দল প্রতিদ্বন্দ্বিতা করে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, মানবসম্পদ পরিচালক দুরদানা কবির, জুরি সদস্য এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল। এই দলের সদস্যরা হলেন– মো. শামসুল আরেফিন চৌধুরী, হৃদিতা ইসলাম ও সওদা মুনতাহা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামিহা রহমান, আফরা নাওয়াল ও রাইয়ান ইবনে হোসেন দ্বিতীয় রানার-আপের মর্যাদা অর্জন করেন।  

প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) চেয়ারম্যান ও ক্লিংক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম। এছাড়াও ইউনিলিভার বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সিএফও অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক, মার্কেটিং ডিরেক্টর (হোম কেয়ার) শাদমান সাদেকীন, মার্কেটিং ডিরেক্টর (বিউটি অ্যান্ড ওয়েলবিয়িং) জাহীন সাজিদুল ইসলাম বিচারক প্যানলে ছিলেন।   

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের অনলাইন আবেদনের মাধ্যমে তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি শুরু হয়। দ্বিতীয় রাউন্ডে ৪৫ জন শিক্ষার্থী নির্বাচিত হন। এখান থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয় শীর্ষ পাঁচটি দলকে।     

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটি ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ (এফএলএল) ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেখানে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। এছাড়াও শীর্ষ পাঁচ দলের সব সদস্যই ইউনিলিভার বাংলাদেশে ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ পাবেন।

গ্র্যান্ড ফিনালের বিচারক মাসুদ খান বলেন, ‘বিজমায়েস্ট্রোজ ফাইনাল ছিল একটি দুর্দান্ত অভিজ্ঞতা। সেখানে দেশের বিজনেস গ্র্যাজুয়েটদের উদ্ভাবনী চিন্তা অসাধারণভাবে ফুটে উঠে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো বাংলাদেশে ব্যয়বহুল বডি ওয়াশের নতুন বাজার নিয়ে গবেষণাভিত্তিক তথ্য উপস্থাপন করে।’       

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এইচআর ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, ‘বিজমায়েস্ট্রোজ ব্যবসায়িক প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু। এটি আগামীর নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হলো, শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রের মধ্যকার ব্যবধান দূর করা এবং প্রতিভাবান তরুণদের তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা নিশ্চিত করা।’