মৎস্যখাদ্য বিধিমালা জারি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ (২০১০ সনের ২ নং আইন) এর ধারা ২২ এর প্রদত্ত ক্ষমতাবলে মৎস্যখাদ্য বিধিমালা, ২০২৪ জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনের উল্লেখযোগ্য বিধানাবলির মধ্যে রয়েছে—

লাইসেন্সের জন্য আবেদনের পদ্ধতি, ক্যাটাগরি-ভিত্তিক লাইসেন্সপ্রাপ্তির শর্তাবলি, লাইসেন্স ফি, নবায়ন ফি ও আপিল ফি, মৎস্যখাদ্যে ব্যবহৃত উপকরণ, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য আদর্শমাত্রা/পুষ্টিমান নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি ও বাজেয়াপ্ত করার  বিধান রয়েছে এ বিধিমালায়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই বিধিমালা কার্যকর করার মাধ্যমে আমরা মৎস্য খাতে একটি টেকসই উন্নয়নের পথ তৈরি করতে চাই, যা মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বিধিমালার আলোকে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।