রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের লেকপাড় থেকে সুজানা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পেয়ে পুলিশ সেগুলো জব্দ করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। মঙ্গলবার গণমাধ্যমে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, গত রাতে তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশ জানায়, নিহত সুজনার বাবা মৃত আব্বাস মিয়ার। তিনি পরিবারের সঙ্গে মিরপুরের কচুক্ষেত এলাকার থাকেন। তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া হেলমেটটি একই এলাকার ১০ম শ্রেণির শিক্ষার্থী কাব্যের বলে নিশ্চিত করেছে পরিবার।
তারা জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে কাব্য। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।