রাজধানীতে আইসসহ একজন গ্রেফতার

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ভয়ংকর মাদকদ্রব্য আইসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)। গ্রেফতার ব্যক্তির নাম মো. মনিরুল ইসলাম (৩৬)।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় গুলিস্তানে নিউ রাজধানী হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনিরুলের কাছ থেকে ৬০০ গ্রাম ক্রিস্টালম্যাথ বা আইস জব্দ করা হয়েছে। তিনি রাজধানীর ডেমরা এলাকার বাওয়ানীবাদ জুট মিলস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমামতি করতেন। 

মুহাম্মদ ইউসুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে, আইসের একটি চালান কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার লালবাগ সার্কেলের পরিদর্শকের নেতৃত্বে একটি টিম গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতার মনিরুল দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অধিদফতরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) তানভীর মমতাজ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক (ঢাকা) এ কে এম শওকাত ইসলামসহ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা।