রাজধানীতে নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ৫

রাজধানীর বংশালের আসিয়ান প্যালেসের সামনে চেকপোস্টে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পিকআপসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের চেকপোস্ট চলাকালে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলো- আনম ফখরুল ইসলাম (৫০), মো. হাবিবুর রহমান (২৬), এনামুল হক (২৮), মো. আজিজুল ইসলাম (৩৫) ও মো. জাকির সরদার (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গোপন সংবাদের মাধ্যমে বংশাল থানা পুলিশ জানতে পারে, চকবাজার থেকে একটি পিকআপ ও তিনটি ভ্যানে করে অবৈধ নিষিদ্ধ পলিথিন নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বংশাল থানার একটি দল আবুল হাসনাত সড়কে আসিয়ান প্যালেসের সামনে চেকপোস্ট বসায়। পরে সাড়ে ৬টার দিকে একটি পিকআপ ও তিনটি ব্যাটারিচালিত ভ্যান আটক করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের কাছ থেকে মোট ১১৬ বস্তা অবৈধ নিষিদ্ধ সাদা পলিথিন, ২ হাজার ৫২১ পাউন্ড রোল পলি এলডিপিই, তিনটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় বংশাল থানায় গ্রেফতার পাঁচজনসহ পলাতক ইদ্রিসের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানায়, গ্রেফতার ব্যক্তিরা জব্দ করা পলিথিন ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করেছে।