শ্যামপুরে ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত তাজিদ চয়ন (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এঘটনায় তার বন্ধু মোটরসাইকেল চালক মো. শাহেদ (১৭) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক এসআই মাইন উদ্দিন তালুকদার।

নিহতের বন্ধু মারুফুল ইসলাম বলেন, রাতে আরাফাত ও শাহেদের এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে সালাউদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আল আমিন নামের এক পথচারী উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। আহত মো. শাহেদ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসআই মাইন উদ্দিন তালুকদার বলেন, সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলটি একই দিকে যাচ্ছিলো। সে সময় মোটরসাইকেলটি ওভারটেকিং করার সময় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী দুজন আহত হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনা সিমেন্টবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। 

আরাফাত কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার জুতা ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে জুরাইন ঋষিপাড়া পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাই দুই বোনের মধ্যে আরাফাত ছিল বড়।