রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে শিশুর ভুল চোখে চিকিৎসার অভিযোগে হাসপাতালের চিকিৎসক সাহেদআরা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আমরা আসামি চিকিৎসক সাহেদআরা বেগমকে গ্রেফতার করি।
এরআগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডি বাংলাদেশ আই হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবারসূত্রে জানা যায়, চোখে সমস্যার কারণে দেড় বছরের শিশু ইরতিজাকে মঙ্গলবার বিকালে পরিবারের সদস্যরা ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে নিয়ে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষ করে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।
ভুক্তভোগী শিশুর চাচা বলেন, ‘আমার ভাতিজার বাম চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক তার ডান চোখে অপারেশন করেছেন। এটা চিকিৎসক বুঝতে পারেননি। পরে আমরাই চিকিৎসককে জানাই, শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। অপারেশন হওয়ার কথা বাম চোখে। তখন চিকিৎসক বলেন, ও মাই গড, সরি। তিনি শিশুটিকে আবার অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন।