রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে ‘জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দলের’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকার (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মধ্য বাড্ডা আলাতুননেসা গলিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তার ডান উরুতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবাশ্বের রহমান বলেন, আমরা এমন একটি ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আছেন। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো যাবে।
আহত জুয়েল খন্দকার জানান, তার বাসা মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে। তিনি ‘জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দল’ নামে একটি সংগঠনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। সন্ধ্যার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন। এসময় ছয় থেকে সাতটি মোটরসাইকেল যোগে ১৫ থেকে ১৬ জন এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারেননি বলেও জানান তিনি।
ঘটনার কয়েক ঘণ্টা আগে `মাহবুব নামের এক শীর্ষ সন্ত্রাসী‘ দুবাই থেকে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল বলেও দাবি করেন জুয়েল। তবে টাকা দিতে অস্বীকার করেন তিনি। তার ধারণা, সন্ত্রাসী মাহবুবের বাহিনী এসে তাকে গুলি করেছে।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, গুলিবিদ্ধ জুয়েল খন্দকার ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার রবিউল্লাহ খন্দকারের ছেলে। জাতীয়তাবাদী পরিবহন চালক চালক শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।