জুলাই বিপ্লবে আহত ১৮ জনকে বিজিবির আর্থিক সহায়তা

জুলাই বিপ্লবে আহত ১৮ জনকে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৯ জানুয়ারি) পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে আহতদের এ সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

এ সময় জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে খোন্দকার শফিকুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে সহযোদ্ধা হিসেবে আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জনকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাত জন আহত ব্যক্তিকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন, সেক্টর ও রিজিয়নের তত্ত্বাবধানে সারাদেশে আহতদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হয়েছে।

আজ ১৮ জনকে সহযোগিতার মাধ্যমে বিজিবির দেওয়া প্রতিশ্রুত ১০০ জন আহত ব্যক্তিকে পুনর্বাসন কার্যক্রম শেষ হলো।