৩১ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর সন্ধ্যা ৮টার দিকে তারা শাহবাগ মোড় ছেড়ে যান।

মনিবুল হক জানান, আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০ গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন। সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয় তাহলে এ পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

IMG_20250124_190937(1)এরআগে সন্ধ্যায় খায়রুন্নাহার লিপি যমুনা থেকে ফিরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি জানান, আমরা সেখানে প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার দেখা না পেলেও তার মুখপাত্রের সাথে আমাদের কথা হবে। সেখানে তার সামনে আমরা যুক্তি-তর্ক উপস্থাপন করবো এবং দাবি পূরণের আশ্বাস নিয়ে ফিরবো। ওখানে যাওয়ার পর আমাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখার পর বলা হয়েছে— আমরা যেন স্মারকলিপি জমা দিয়ে চলে আসি। কিন্তু এর আগেও আমরা বারবার স্মারকলিপি জমা দিয়েছি। কোনও ফলাফল পাইনি। তাই আমরা আর শুধুই জমা দিয়ে ফিরবো না।

আন্দোলনকারী শিক্ষকদের সাথে প্রতারণা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আমাদের সাথে বারবার প্রতারণা করা হয়েছে। আমরা দাবি পূরণের আশ্বাস না নিয়ে ফিরবো না। আমরা যার কাছেই দাবি নিয়ে যাই তারাই বলেন, আপনারা লেগে থাকেন, কিন্তু তার কোনও ফল আমরা পাচ্ছি না। আমাদের আন্দোলন চলবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ অবস্থান করবো। পুলিশ লাঠিচার্জ করলেও আমরা এখানে থাকবো।