রাজধানীর খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় দেওনাজ্জামান সুরমা (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। সে খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের চাচাতো ভাই শরিফুল ইসলাম সাগর বলেন, সবার অগোচরে তার রুমে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সুরমা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে বলতে পারেননি তিনি। তবে পরিবারের ধারণা, তার বাবা ও মা কোনও বিষয়ে রাগারাগি করায় অভিমানে এ ঘটনা ঘটাতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ নেই বলেও তিনি জানান।

মৃত কিশোরী সুরমা গোপালগঞ্জ সদর উপজেলার মো. মনিরুজ্জামানের মেয়ে। বর্তমানে গোড়ান শান্তিপুর ৭ নম্বর গলির ৫ম তলা বাসায় পরিবারের সাথে থাকতো। তার বাবা সংবাদ প্রতিদিনের সাংবাদিক। বাবা-মায়ের একমাত্র মেয়ে ছিল সুরমা।